গৌরনদীতে নির্বাচনের প্রচারণা ও গণভোট নিয়ে ইমামদের সাথে মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে প্রান্তিক পর্যায়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বরিশালের গৌরনদীতে ইমামদের সাথে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এই সভার আয়োজন করা হয়। সভার মূল উদ্দেশ্য ছিল নির্বাচনের গুরুত্ব এবং ভোটদান প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ধর্মীয় নেতাদের সহযোগিতা গ্রহণ করা।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইব্রাহীম এই সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান বক্তারা প্রান্তিক পর্যায়ে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইমামদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা বিশ্বাস সুজন কুমার এবং গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল। সভায় উপস্থিত উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের এই উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং সাধারণ মানুষকে সচেতন করার বিষয়ে আশ্বস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *