গৌরনদী উপজেলায় ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি হোটেলকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন এবং পুরোনো খাবার সংরক্ষণ করে পুনরায় বিক্রির প্রমাণ পাওয়ায় ওই হোটেলের মালিককে জরিমানা করা হয়।
বুধবার দুপুরে ঢাকা–বরিশাল মহাসড়কের পাশে গৌরনদীর কটকস্থল এলাকায় অবস্থিত একটি হাইওয়ে রেস্টুরেন্টে এই অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে হোটেলটিতে তদারকি করা হলে খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে মারাত্মক অনিয়ম ধরা পড়ে। পরিদর্শনে দেখা যায়, নোংরা পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে এবং বাসি খাবার ডিপ ফ্রিজে রেখে আবার বিক্রির চেষ্টা করা হয়েছে। এসব অপরাধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেল মালিক রাশেদ আকনকে পনেরো হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযানের সময় গৌরনদী মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।
