‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার দুপুর ১২টায় গৌরনদী উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অধিদপ্তর এবং উপজেলা মহিলা সংস্থার যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী অ্যাডভোকেট ফাতিমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা বেগম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অধিদপ্তরের সুপারভাইজার নারায়ণ চন্দ্র, সাংবাদিক আব্দুছ ছালেক মামুন এবং সোলায়মান তুহিন।
বক্তারা বলেন, নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। নারী অধিকার রক্ষা এবং জেন্ডার সমতা আনয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর তারা গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
