বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় এক রাতের মধ্যে সরকারি দুটি গুরুত্বপূর্ণ অফিসে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাতের অন্ধকারে দুর্বৃত্তরা পরিবার পরিকল্পনা অফিস এবং জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের তালা ভেঙে নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেতাগী পৌর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পরিবার পরিকল্পনা অফিস এবং উপজেলা পরিষদ ভবনের পশ্চিম পাশে থাকা কার্যালয়ের আলমারি ভেঙে প্রায় দেড় লাখ টাকার মতো নগদ টাকা চুরি হয়েছে। এছাড়াও অফিসে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় ফেলা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে কর্মকর্তা-কর্মচারীরা পুলিশকে বিষয়টি জানান।
এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাতের নিরাপত্তা পর্যাপ্ত না থাকায় চোরেরা সহজেই অফিসে প্রবেশ করতে পেরেছে। এতে নথিপত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
চুরির ঘটনা পৌর শহরের সাধারণ মানুষকে আতঙ্কিত করেছে। অনেক ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দা রাতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়মিত টহল এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম জানান, ঘটনা তদন্তে কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং সন্দেহভাজন শনাক্তের কাজ চলছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। পুলিশ পরিদর্শক ফারুক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনও চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন।
