বরিশালে আ.লীগ সমর্থক ও ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা আহত

বরিশাল প্রতিনিধি: বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন (৩৫) রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত হয়েছেন। হামলায় জড়িত ছিলেন আওয়ামী লীগ সমর্থক জাহাঙ্গীর, তার ভাই, ভাইয়ের ছেলে এবং বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা রাকিব মল্লিক (৩০)।

হামলার সময় ইয়াসিন ঘটনাস্থলে জ্ঞান হারান। স্থানীয়রা আহত ইয়াসিনকে আশঙ্কাজনক অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

ঘটনা ঘটে শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বরিশাল নগরীর বিউটি সিনেমা হল ভবনের ছাদে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর তথ্য অনুযায়ী, জামা কাপড় শুকানোর বিষয়কে কেন্দ্র করে ইয়াসিন ও জাহাঙ্গীরের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরপর জাহাঙ্গীরের ভাই ও তার ছেলে সহ ৮–১০ জন ঘটনাস্থলে এসে হামলা চালান। রাকিব মল্লিকের নেতৃত্বে তারা ইয়াসিনের মাথা, হাত ও পায়ে রড দিয়ে আঘাত করেন।

সৈয়দ আশিক চৌধুরী জানান, বিউটি সিনেমা হলের জমি ও পারিবারিক সম্পত্তি জাল দলিল তৈরি করে দখলের চেষ্টা করার অভিযোগের মামলার তদন্তের জের ধরে প্রতিপক্ষ কাদের মল্লিক গং এই হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শী ফারুক জানিয়েছেন, আহত ইয়াসিন ময়মনসিংহের শের নগর থানার ভাটিচর নগর গ্রামের মো. সোহরাব মিয়ার ছেলে এবং ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। রিপোর্ট লেখা পর্যন্ত ইয়াসিনের জ্ঞান ফেরেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *