গৌরনদীতে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ ঘিরে সমাজসেবা কার্যালয়ের বিশেষ উদ্যোগ

গৌরনদী উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উৎসবের গুরুত্বের পাশাপাশি প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ এবং পরিবেশ রক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন বলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আব্দুল্লাহ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও প্রবীণ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাস এবং আনসার ভিডিপি কর্মকর্তা হামমাদ বিন হোসাইন। এছাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াসউদ্দিন মিয়া এবং গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. খায়রুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি পরিচ্ছন্ন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *