মহান মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টরের অকুতোভয় কমান্ডার মেজর এম এ জলিলের ৮৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ, বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা এই কিংবদন্তি মুক্তিযোদ্ধাকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করার পাশাপাশি বরিশাল বিমানবন্দর ও বরিশাল সেনানিবাসকে তার নামে নামকরণ করার জোর দাবি উত্থাপন করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উজিরপুর উপজেলা পরিষদের সামনে অবস্থিত মেজর এম এ জলিলের স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরবর্তীকালে উজিরপুর মেজর এম এ জলিল নূরানি ও হাফেজি মাদ্রাসা প্রাঙ্গণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক বিভাগীয় পরিচালক এবং জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর এম এ জলিলের জ্যেষ্ঠ কন্যা ব্যারিস্টার সারাহ জলিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আলী হোসেন সিকদার রূপক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, সাবেক ডেপুটি কমান্ডার ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মাজেদ তালুকদার (মান্নান মাস্টার), উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন খান এবং পৌর বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়াও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, বিএনপি নেতা মো. রোকনুজ্জামান টুলু, গিয়াস উদ্দিন আকন, হেমায়েত উদ্দিন খলিফা, সাবেক কাউন্সিলর আঃ হাকিম সিকদারসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মেজর জলিলের দেশপ্রেম ও বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
