মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ায় জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে সংবর্ধনা

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একাধিক মিথ্যা মামলার জালে জড়িয়ে পড়া জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৫টি মিথ্যা মামলা থেকে চূড়ান্তভাবে অব্যাহতি পাওয়ায় শনিবার সকালে গৌরনদী রিপোর্টার্স ইউনিটি ও জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. খায়রুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব এবং দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহির।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. মোল্লা মাহফুজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি পলাশ তালুকদার, সাধারণ সম্পাদক মো. শামীম মীর এবং প্রথম আলো বন্ধুসভার সভাপতি মো. মনিরুল ইসলাম লিমন। বক্তারা জহুরুল ইসলাম জহিরকে একজন ‘নির্ভীক কলম সৈনিক’ হিসেবে আখ্যায়িত করে বলেন, সত্য প্রকাশে তিনি কখনো পিছপা হননি বলেই তাকে দীর্ঘ সময় ক্ষমতার রোষানলে পড়ে চরম হয়রানির শিকার হতে হয়েছে।

দীর্ঘ ২৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত জহুরুল ইসলাম জহির গত ১৬ বছরে স্থানীয় প্রভাবশালীদের সন্ত্রাস, দখল ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এরই জেরে ২০১৮ সালে তথ্য-প্রযুক্তি আইনসহ মানহানি ও শ্লীলতাহানির একাধিক ভিত্তিহীন মামলা দিয়ে তাকে ঘায়েল করার চেষ্টা করা হয়। তবে আদালতের দীর্ঘ প্রক্রিয়ায় অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হওয়ায় গত ২৩ জানুয়ারি বরিশাল চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফসান শারমিন ইভা তাকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। এর মাধ্যমে তার বিরুদ্ধে দায়ের করা পাঁচটি মিথ্যা মামলার সবকটি থেকেই তিনি আইনত মুক্তি পেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *