গৌরনদীতে গণঅধিকার পরিষদের অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ে হামলা, আসবাবপত্র ভাঙচুর এবং কার্যালয়টি তালাবদ্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিকার চেয়ে বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সোমবার গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তিন মাস আগে উপজেলার উত্তর বিজয়পুর গয়নাঘাট ব্রিজ এলাকায় নুরুল ইসলাম বেপারীর একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে দলীয় কার্যক্রম চালানো হচ্ছিল। সেখানে থাকা প্রায় দেড় লাখ টাকার আসবাবপত্র, নগদ অর্থ এবং গুরুত্বপূর্ণ সাংগঠনিক নথিপত্র ক্ষতিগ্রস্ত ও লুট করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার সকালে দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা এবং বিএনপি সমর্থক হিসেবে পরিচিত খলিল বেপারী ও তার স্ত্রী উপজেলা মহিলা দল নেত্রী ফিরোজা বেগমসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এই হামলা চালান। তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে চেয়ার-টেবিল ভাঙচুর করেন এবং নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যান। তবে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানিয়েছেন, ঘরটির মালিকানা সংক্রান্ত বিরোধের জেরে মালামাল বের করে কক্ষটি তালাবদ্ধ করা হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের এই বক্তব্য প্রত্যাখ্যান করে গণঅধিকার পরিষদের নেতা নুরুল আমিন বলেন, কার্যালয়ের সামনে সাইনবোর্ড এবং যোগাযোগের নম্বর থাকা সত্ত্বেও তাদের জানানো হয়নি। যদি মালিকানা নিয়ে কোনো জটিলতা থাকতো, তবে তাদের মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া যেত। কিন্তু তা না করে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর ও লুণ্ঠন চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *