গৌরনদীতে মাহিন্দ্রা ও প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ৫

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে মাহিন্দ্রা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মর্জিনা বেগম (৩৫) নামের এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কালকিনি থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি প্রাইভেটকার উপজেলার ইল্লা দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অবৈধ থ্রি-হুইলার মাহিন্দ্রার সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাহিন্দ্রার যাত্রী ও ইল্লা গ্রামের বাবুল বেপারীর স্ত্রী মর্জিনা বেগম ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনায় উভয় যানের আরও পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন—মুরাদ কাজী (৪০), মোতালেব বেপারী (৬৫), মকবুল বেপারী (৬৭), চন্দন পাল (৩৫) এবং পলাশ বিশ্বাস (৩২)। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *