ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহারিয়া আজাদ তালহা (২০) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার সকালে দ্রুতগামী একটি অজ্ঞাতনামা পিকআপ ভ্যানের চাপায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তালহা ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষার্থী এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ঝালকাঠি সদর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল আজাদ বেপারীর একমাত্র পুত্র। তার গ্রামের বাড়ি গৌরনদী উপজেলার বার্থী গ্রামে।
গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বার্থী বাজার সংলগ্ন সরোয়ার মেম্বারের বাড়ির সামনে তালহা তার দুই বন্ধু হিমেল গোমস্তা (২৬) ও শাহীন মালের (১৮) সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তালহার মৃত্যু হয় এবং তার দুই বন্ধু গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ঘাতক পিকআপ ভ্যানটি শনাক্ত করার কাজ চলছে এবং চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এই ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
