তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের অধীনে বাংলাদেশ বেতারের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শীর্ষক এক বহিরাঙ্গন অনুষ্ঠান বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ডঃ মোহাম্মদ আলতাফ উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের মহাপরিচালক এ এস এম জাহিদ, বাংলাদেশ বেতারের সহকারী প্রকল্প পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম ও তার সহধর্মিণী ফারহানা সুলতানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুস মিয়া এবং গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহীর সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, সমবায় কর্মকর্তা আফসানা সাখি এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হামমাদ বিন হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা পর্ব শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে রাখেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। এছাড়াও বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী মৌসুমী ইকবাল, অনন্যা আচার্যসহ দেশের বিশিষ্ট সংগীতশিল্পীরা সংগীত পরিবেশন করেন। উৎসবমুখর এই আয়োজনে স্থানীয় তরুণ প্রজন্মের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে।
