বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাদকসহ আটকের পর পুলিশের ওপর হামলা চালিয়ে এবং হাতকড়াসহ পালিয়ে যাওয়া যুবক রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ছয়গ্রাম বাজার এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। রিয়াজ ফকির আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের ছিদ্দিক ফকিরের ছেলে। তার বিরুদ্ধে আগে থেকেই চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে আগৈলঝাড়া উপজেলা পরিষদের উত্তর পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে অভিযান চালায় পুলিশ। আগৈলঝাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মামুন হোসেনের নেতৃত্বে এই অভিযানে ১৬ পিস ইয়াবাসহ রিয়াজকে আটক করা হয়। আটকের পর তার দুই হাতে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তোলার সময় রিয়াজ আকস্মিকভাবে কনস্টেবল কামাল হোসেন ও কনস্টেবল সাইমুন আল সাকিবের ওপর হামলা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে সে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
রিয়াজকে ধরতে গিয়ে এএসআই মামুন হোসেনসহ দুই কনস্টেবল আহত হন। আহত পুলিশ সদস্যরা বর্তমানে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, পুলিশের ওপর হামলা ও মাদক উদ্ধারের ঘটনায় শনিবার পুলিশ বাদী হয়ে রিয়াজ ফকিরের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। দ্বিতীয়বার গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
