বরিশালের গৌরনদীতে এক প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া মাইনুল ইসলাম পলাশকে (২৬) ইসলামী ছাত্রশিবির থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পলাশ গৌরনদী উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি এবং স্থানীয় বদরপুর জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্বরত ছিলেন।
গত ১৫ মার্চ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা শাখার সভাপতি আকবর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কার আদেশ দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়ার পরপরই পলাশের পদ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে তিন সদস্যের একটি তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। জেলা শাখা থেকে জানানো হয়েছে, এটিই এই বিষয়ে তাদের আনুষ্ঠানিক বক্তব্য।
ঘটনার বিবরণে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে এক সৌদি প্রবাসীর ঘর থেকে পলাশ ও ওই গৃহবধূকে আটক করা হয়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। পুলিশ জানায়, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের মাধ্যমে জনমনে বিরক্তি সৃষ্টির অপরাধে দণ্ডবিধির ২৯০ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, গ্রেফতারকৃত মাইনুল ইসলাম পলাশ ও ওই প্রবাসীর স্ত্রীকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
