খাল পুনঃখননে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গৌরনদীতে কৃষকদের বিক্ষোভ ও মানববন্ধন

বরিশালের গৌরনদীতে খাল পুনঃখনন কাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় কৃষকরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার বার্থী ও ডুমুরিয়া গ্রামের চাষিদের উদ্যোগে পশ্চিম বার্থী ব্রিজ এলাকায় বার্থী-ভালুকশী সড়কে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালীন বিক্ষুব্ধ কৃষকরা খাল কাটার এস্কেভেটর (ভেকু) মেশিন বন্ধ করে দেন।

আ. গনি সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিন্টু, ব্লক ম্যানেজার আব্দুল করিম হাওলাদারসহ স্থানীয় কৃষক ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় বার্থী ও ডুমুরিয়া গ্রামের প্রায় ৪ কিলোমিটার খাল পুনঃখননের কাজ পায় ‘আজাদ এন্ড ব্রাদার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে, ঠিকাদারের লোকজন প্রভাব খাটিয়ে এবং পুলিশের ভয় দেখিয়ে খালের এক পাড়ের মালিকদের গাছপালা ও পানের বরজ কাটতে বাধ্য করেছেন। এছাড়া এস্কেভেটর চলাচলের জন্য খালের পাশের ফসলি জমি কেটে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

কৃষকরা আরও জানান, সিডিউল অনুযায়ী গভীর না করে খালের ভেতর থেকে সামান্য মাটি তুলে পাড়ে প্রলেপ দেওয়া হচ্ছে। বিশেষ করে পশ্চিম বার্থী পুরানো জামে মসজিদ ও ঈদগাহ মাঠের যাতায়াতের রাস্তার মাটি কেটে খালে ফেলায় রাস্তাটি ৩-৪ ফুট নিচু হয়ে গেছে এবং ধসে পড়ছে। এর ফলে খালের পাড়ের বাড়িঘর ও ফসলি জমি বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অনিয়মের বিষয়ে প্রকল্প তদারককারী মো. মামুন জানান, মাটি রাখার জায়গা না থাকায় খনন বেশি গভীর করা যাচ্ছে না। অন্যদিকে, বরিশাল বিএডিসি’র সহকারী প্রকৌশলী আতায়ী রাব্বি জানিয়েছেন, সিডিউল অনুযায়ী প্রতি কিলোমিটারে প্রায় ১১ লাখ টাকা বরাদ্দ রয়েছে। অনিয়মের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *