ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল চরবাড়িয়ার মাদরাসা ও এতিমখানা: অল্পের জন্য রক্ষা পেল ৩৫ প্রাণ

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মহাবাজ এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘মাদিনাতুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা লিল্লাহ বোর্ডিং’ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ঘটা এই দুর্ঘটনায় টিনশেড নির্মিত পাঁচ কক্ষবিশিষ্ট মাদ্রাসাটির আসবাবপত্র, রান্নার সরঞ্জাম, শিক্ষার্থীদের বইপত্র ও বিছানাপত্রসহ প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে একটি অলৌকিক ও বিস্ময়কর বিষয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে; আগুনের লেলিহান শিখা সব ধ্বংস করে দিলেও পবিত্র কোরআন শরিফের হরফগুলো অক্ষত রয়ে গেছে।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে মাদরাসার ৩৫ জন শিক্ষার্থী ও শিক্ষক অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন। জানা গেছে, আগুনের সূত্রপাতের সময় মাদরাসার শিক্ষক ও আবাসিক-অনাবাসিক মিলিয়ে ৩৫ জন শিক্ষার্থী মাগরিবের নামাজ আদায়ের জন্য পার্শ্ববর্তী একটি মসজিদে অবস্থান করছিলেন। নামাজে থাকার কারণে মাদরাসা ঘরটি জনশূন্য থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। মুহূর্তের মধ্যেই আগুন পুরো টিনশেড কাঠামোটিতে ছড়িয়ে পড়ায় স্থানীয়রা চেষ্টা করেও মালামাল রক্ষা করতে পারেননি। আকস্মিক এই অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হলেও ছাত্র ও শিক্ষকদের অক্ষত অবস্থায় ফিরে পাওয়াকে মহান আল্লাহর বিশেষ রহমত হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *