আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা; গুলিতে নিহত ১, আহত ১

বরিশালের আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে এই অভিযান চলাকালে গোলাগুলিতে সিয়াম মোল্লা নামে এক তরুণ নিহত হয়েছেন এবং তার ফুফাতো ভাই রাকিব মোল্লা গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সাদা পোশাকে র‍্যাবের একটি দল মাদক উদ্ধারে দক্ষিণ মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। নির্ভরযোগ্য সূত্রের দাবি, অভিযান চলাকালে একদল দুষ্কৃতকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব পাল্টা পদক্ষেপ নিলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির শব্দ শোনা যায়। নিহতের স্বজনরা জানান, নিহত সিয়াম মোল্লা (২২) উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার রিপন মোল্লার ছেলে এবং আহত রাকিব একই এলাকার বাসিন্দা।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জাকারিয়া রহমান মৌরী জানান, নিহত সিয়ামের বুকে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে যে, হতাহত দুজনই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, হাসপাতাল থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়। অন্যদিকে আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র‍্যাব-৮-এর মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীরা হামলা চালালে আত্মরক্ষার্থে র‍্যাব পাল্টা ব্যবস্থা নেয়। এতে একাধিক র‍্যাব সদস্য আহত হন এবং দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে সিয়ামকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *