বরিশালের আগৈলঝাড়ায় র্যাব-৮-এর মাদকবিরোধী অভিযানে গোলাগুলি এবং একজন নিহতের ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে র্যাব-৮-এর ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় এই মামলাগুলো করেন। মামলায় সরকারি কাজে বাধা প্রদান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা উল্লেখ করে ২ জন পলাতক এবং অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার পর থেকে দক্ষিণ মোল্লাপাড়া ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত সিয়াম মোল্লা (১৮) কারফা আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। অন্যদিকে, গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রাকিব মোল্লা চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। সিয়ামের মৃত্যুর খবরে তার মা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
র্যাব সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় দক্ষিণ মোল্লাপাড়া এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায় র্যাবের একটি সাদা পোশাকধারী দল। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় র্যাব সদস্য ওপেল মাহমুদ রাজিব ও আরিফুল ইসলাম সাকিব আহত হন। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি চালালে সিয়াম ও রাকিব গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য রাকিবকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
