বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা এলাকার বাসিন্দা, বরিশাল সরকারি মহিলা কলেজের সম্মান শ্রেণির ছাত্রী পূজা দাস (২১) সাত দিন আগে নিঁখোজ হন। নিঁখোজের ঘটনায় তার ভাই রিমন দাস আগৈলঝাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ৯ নভেম্বর সকাল ৭:১০ মিনিটে কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে পূজা দাসের কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশের অনুসন্ধানে সম্ভাব্য জায়গায় খোঁজ নিলেও কোনো ফল পাওয়া যায়নি।
তদন্তে পুলিশ জানায়, নিঁখোজের পরপরই পূজার একটি খুদে বার্তা এসেছিল যেখানে লেখা ছিল, “আমাকে খুঁইজেন না, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আছি এবং ভালোই আছি।” তবে ওই নম্বরটি বন্ধ থাকায় বার্তাটি সত্যিই পূজার পাঠানো কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ অলিউল ইসলাম বলেন, “এটি অপহরণ কি না তা এখনো নিশ্চিত নয়। তদন্তে কিছু সহযোগিতা পাচ্ছি না। যে নম্বর থেকে বার্তা এসেছে তা বন্ধ থাকায় ট্র্যাকিং করা সম্ভব হচ্ছে না। আমরা সামাজিক মাধ্যমে তথ্য সংগ্রহ করে বিশেষ কৌশলে তার অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি। আপাতত নিশ্চিত যে মেয়েটি ভালো আছে। খুব শিগগির তাকে উদ্ধার করা যাবে।”
নিখোঁজের ঘটনায় পূজা দাসের ভাই রিমন দাস জানান, “জিডি করেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”
