নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আওয়ামী লীগের নেতা মোঃ জাহাঙ্গীর মাস্টারের কনিষ্ঠ পুত্র ও উপজেলা যুবলীগের সদস্য, তিন সন্তানের জনক মোঃ আমিনুল ইসলাম হাওলাদার (৪২) রোববার দুপুরে নিহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরিবার ও স্বজনরা দাবি করেছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, মোঃ আমিনুল ইসলাম হাওলাদার প্রতিদিন রাত ১০টার দিকে খাবার খেয়ে বাজারে যেতেন এবং রাত ১২টার দিকে বাড়িতে ফিরতেন। কিন্তু শনিবার দিবাগত রাত ১০টার পর তিনি আর বাড়ি ফেরেননি। রোববার সকালে স্থানীয়রা কমলাপুর গ্রামের নিজ বাড়ির কাছাকাছি পুকুরের ঘাটলার পাশে তার লাশ দেখতে পেয়ে পরিবারকে জানান। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে থানায় খবর দেন।
নিহতের স্ত্রী পারভিন আক্তার (২৫) অভিযোগ করেছেন, স্বামীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। বড় ভাই মোঃ মাজারুল ইসলাম (৪৫) জানিয়েছেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে বাড়ির পাশে লাশ ফেলে দিয়েছে। নিহতের ছোট বোনের স্বামী ও উপজেলা যুবলীগের সদস্য মিন্টু সরদার বলেন, লাশে গলায়, বুকে ও পিছনে আঘাতের চিহ্ন এবং রক্তাক্ত ক্ষত রয়েছে। তারা প্রশাসনের কাছে জড়িতদের শনাক্ত করে বিচারের দাবি জানিয়েছেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে লাশ উদ্ধার করেন। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে।
