গৌরনদীতে ৬৫জন মৎস্যজীবীর মাঝে গরুর বাছুর বিতরণ

বরিশালের গৌরনদী উপজেলায় অবশেষে ৬৫ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ওজনে কম ও রুগ্ন হওয়ার কারণে এর আগে সরবরাহকৃত বাছুরগুলো উপজেলা প্রশাসন ফেরত পাঠিয়েছিল। ঠিকাদার প্রতিষ্ঠান বাছুর পরিবর্তন করে আনার পর বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে এগুলো বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে বাছুরগুলো তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুস মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ কুমার, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক জহিরুল ইসলাম জহির এবং সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হাসান। এছাড়াও ঠিকাদারি প্রতিষ্ঠান সিমেন্স অ্যালায়েন্স বিডি লিমিটেডের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের জন্য ৭০ কেজি ওজনের বাছুর সরবরাহ করার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ৫০ থেকে ৫৫ কেজি ওজনের রুগ্ন বাছুর নিয়ে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী সেগুলো গ্রহণ না করে ফেরত পাঠিয়ে দেন। পরবর্তীতে ঠিকাদার সঠিক ওজনের বাছুর সরবরাহ করার পর বুধবার এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *