মাধ্যমিক বিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ, শিশু সুরক্ষা এবং জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
গৌরনদী উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরী। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া, পৌর নাগরিক কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন কুমার বল, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার এবং মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন।
এছাড়াও আলোচনায় অংশ নেন পালরদী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তপন কুমার রায়, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক হাসান এবং বার্থী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম ইদ্রিস আহাম্মেদ। ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী বিভাষ চন্দ্র তরফদার, টেকনিক্যাল ম্যানেজার মো. তৌহিদুর রহমান এবং প্রকল্প কর্মকর্তা অনিক বিশ্বাস ও কিশোর মিস্ত্রী।
সভায় বক্তারা জানান, ‘শিখা’ প্রকল্পটি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সমন্বয় করে মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, গণপরিবহন, পোশাক কারখানা এবং ডিজিটাল প্লাটফর্মে যৌন হয়রানি প্রতিরোধে কাজ করছে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষা কাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
