বিশ্ব হোমিওপ্যাথিক দিবস-২০২৫ এবং হোমিওপ্যাথির জনক মহাত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গৌরনদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গৌরনদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. সাইদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি শিকদার রেজাউল করিম এবং উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি সাংবাদিক আবদুছ ছালেক মামুন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি পলাশ তালুকদার। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কলেজের প্রভাষক ডা. মনীষ চন্দ্র বিশ্বাস, ডা. নুরুল আনোয়ার, ডা. জনার্দন চ্যাটার্জি, ডা. নাসির হোসেন, ডা. মনজুর মোরশেদসহ অন্যান্য চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মনজুর মোরশেদ।
বক্তারা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের জীবন ও হোমিওপ্যাথির গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় স্বল্পমূল্যে বিকল্প চিকিৎসা হিসেবে হোমিওপ্যাথির প্রসার ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন।
