ওজনে কম এবং রুগ্ন হওয়ায় আগে একবার ফেরত দেওয়া হলেও, অবশেষে সঠিক ওজনের বাছুর সরবরাহ করায় বরিশালের গৌরনদীতে ৬৫ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এসব বাছুর তুলে দেওয়া হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ‘দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাছুর বিতরণ করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরি। এসময় আরও উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, উপজেলা মৎস্য অফিসার প্রসেনজিৎ কুমার, পৌর নাগরিক কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং সহকারী মৎস্য অফিসার মো. নাজমুল হাসান।
উল্লেখ্য, এর আগে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সিমেন্স অ্যালায়েন্স বিডি লিমিটেড’ নির্ধারিত ৭০ কেজি ওজনের পরিবর্তে ৫০ থেকে ৫৫ কেজি ওজনের রুগ্ন বাছুর সরবরাহের চেষ্টা করেছিল। বিষয়টি নজরে আসার পর ইউএনও রিফাত আরা মৌরি সেগুলো গ্রহণ না করে ফেরত পাঠিয়েছিলেন। পরবর্তীতে ঠিকাদার মানসম্মত ও সঠিক ওজনের বাছুর সরবরাহ করলে বুধবার তা বিতরণ করা হয়। প্রশাসনের এই কঠোর অবস্থানের কারণে সরকারি সহায়তার মান নিশ্চিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাভোগীরা।
