গৌরনদীতে বালুর ট্রাক ঢোকানো নিয়ে যুবদলের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৯

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে বালুর ট্রাক ঢোকানোকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিলাড়া থেকে নলচিড়াগামী একটি বালুর ট্রাক লালপুল এলাকায় পৌঁছালে ছাত্রদল কর্মী হৃদয় সরদারের মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এ নিয়ে চালকের সাথে হৃদয়ের কথা কাটাকাটি হলে যুবদলের একটি পক্ষ ট্রাকচালকের সমর্থন নিয়ে হৃদয়ের ওপর হামলা চালায়। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ও কয়েক দফা সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে যুবদল কর্মী ফারুক সরদার, রাসেল হাওলাদার, সুজন মুন্সী, রাসেল খন্দকার, হাসান এবং ছাত্রদল কর্মী কাইউম হাওলাদার এক পক্ষের। অপরপক্ষে ছাত্রদল কর্মী হৃদয় সরদার, যুবদল কর্মী বেল্লাল হোসেন ও আরমান আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুত্বর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

পাল্টাপাল্টি অভিযোগে এক পক্ষ দাবি করেছে, সবুজ সিকদারের নেতৃত্বে তাদের ওপর হামলা চালিয়ে ছয়জনকে আহত করা হয়েছে। অন্যদিকে সবুজ সিকদার দাবি করেন, ট্রাকচালকের পক্ষ নিয়ে একদল নেতাকর্মী হৃদয়সহ অন্যদের মারধর করেছে এবং পরবর্তীতে মাহিলাড়া বাজারে হৃদয়ের দোকান ও বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিবেশ শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *