বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, আগামী নির্বাচনের পরে আমাদের নেতা তারেক রহমান ও নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সমস্ত গণতান্ত্রিক দলকে নিয়ে দেশের সকল সৃজনশীল চিন্তাবিদ ও তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে কাজে লাগাতে চাই। তিনি জানান, তাদের ভাষা বোঝার মাধ্যমে তাদের জন্য নতুন কারিকুলাম তৈরি করার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজের নবীনবরণ ও কলেজের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা বিনিময়ের পদ্ধতিকে আধুনিক প্রযুক্তি নির্ভর করতে হবে। “ডিজিটাল সাইকোলজি যদি শিক্ষকদের মধ্যে কাজ না করে, তাহলে তা ছাত্র-ছাত্রীদের মধ্যে সংযুক্ত করা সম্ভব হবে না।”
বরিশাল-১ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত জহির উদ্দিন স্বপন আরও বলেন, “পুরনো চিন্তা ও পুরনো দৃষ্টিভঙ্গি মাথা থেকে ঝেড়ে ফেলে আমাদের চিন্তার জগতকে মেরামত করতে হবে। তরুণ প্রজন্মকে বুঝতে হবে।”
কলেজ গভর্নিং বডির সভাপতি সরদার লুৎফর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্ঠার একান্ত সচিব আয়মান হাসান রাহাত, বরিশাল শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. জসিম উদ্দিন, বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ কেএম সরিফুল কামাল, কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মাহী এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থী হুমায়রা তাহসিন। অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। শেষে কলেজের প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
