সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): অনলাইনভিত্তিক নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রদর্শনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা জনপ্রিয় নিউজ পোর্টাল গৌরনদী টুয়েন্টিফোর ডটকম বুধবার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে। সূচনালগ্ন থেকেই পোর্টালটি গৌরনদী ও দক্ষিণাঞ্চলের সংবাদ দ্রুত পৌঁছে দিয়ে পাঠকদের আস্থা অর্জন করেছে।
উদযাপন উপলক্ষে সকালেই উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা, র্যালী ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পোর্টালের সম্পাদক, বার্তা সম্পাদক, প্রতিবেদক, ফটোগ্রাফার, প্রযুক্তি টিম, পাঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনের তেলাওয়াতের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পোর্টালের প্রতিষ্ঠাতা সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির। তিনি বলেন, “গৌরনদী টুয়েন্টিফোর ডটকমের যাত্রা সত্যনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে শুরু হয়েছিল। আমরা গর্বিত যে জনমত, উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার নির্ভরযোগ্য সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। ভবিষ্যতেও প্রযুক্তি-সমৃদ্ধ অনুসন্ধানী ও দায়িত্বশীল সাংবাদিকতা আমাদের প্রধান অঙ্গীকার থাকবে।”
প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। তিনি বলেন, “গৌরনদী টুয়েন্টিফোর ডটকম স্থানীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে উন্নয়ন, শিক্ষা, সমাজ ও মানবিক সংবাদ নিরপেক্ষভাবে তুলে ধরে পোর্টালটি মানুষের আস্থা অর্জন করেছে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পোর্টালটি সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করার ক্ষেত্রে এটি প্রশংসনীয় ভূমিকা পালন করছে।”
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, “অনলাইন সংবাদ পোর্টালগুলো দ্রুত খবর পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। গৌরনদী টুয়েন্টিফোর ডটকম স্থানীয় সমস্যা ও সম্ভাবনার কণ্ঠস্বর হিসেবে কাজ করছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হিরা, জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজ, পোর্টালের নির্বাহী বার্তা সম্পাদক মো. আনিচুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মনির মাষ্টার, সহকারী সম্পাদক সোলায়মান তুহিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি লেখক ও গবেষক ফখরুল আবেদীন তানভীর, গোলঅম মোর্শেদ, সাংবাদিক মো. শামীম মীর, হাসান মাহমুদ, আরেফিন রিয়াদ, মো. সোহেল, এসএম মোশারেফ হোসেন, জামিল মাহমুদ, কাজী আলামিন, শেখ রুপা, নাসির উদ্দীন, এ এস মামুন, মো. সুমন ও এসএম মিজান প্রমুখ।
পোর্টালের সহকারী সম্পাদক সোলায়মান তুহিন বলেন, “ভবিষ্যতে আমরা পোর্টালটিকে আরও আধুনিক করতে ডাটা-নির্ভর রিপোর্টিং, ভিডিও জার্নালিজম ও মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির দিকে গুরুত্ব দেব। সমাজ, শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন ও মানবিক উদ্যোগসহ সব ক্ষেত্রে ইতিবাচক সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখাই আমাদের লক্ষ্য।”
আলোচনা সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অন্যান্য অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। শেষে পোর্টালের পক্ষ থেকে পাঠক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাংবাদিক বিএম বেলাল হোসেন।
