গৌরনদী প্রতিনিধি: সরকারি গাছ কাটার ঘটনায় সমালোচনার মুখে বরিশালের গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম রোকনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগের ভিত্তিতে রোকনকে তার সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, গত ৭ সেপ্টেম্বর রাতে রোকন ও তার শ্রমিকরা উপজেলার টরকী বন্দরের ছাগলহাট সংলগ্ন এলাকার সরকারি সড়কের পাশে সাতটি গাছ কেটে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কর্তনকৃত গাছ জব্দ করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।
এরপর জেলা স্বেচ্ছাসেবক দল রোকনকে কারণ দর্শানোর নোটিশ দেয়। তবে জবাব সন্তোষজনক না হওয়ায় এবং তদন্ত চলাকালীন অবস্থায় তার সমর্থকরা ক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যে একটি মিছিল বের করলে পরিস্থিতি আরও জটিল হয়। মিছিলে স্থানীয় কুখ্যাত কিছু মাদক ব্যবসায়ীও অংশ নেন, যা সাধারণ মানুষকে আতঙ্কিত করে।
রোকন নিজ বক্তব্যে জানান, তার পক্ষ থেকে মিছিল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, তার নিকট আত্মীয় হাজী আবুল হোসেনের অনুমতি বোঝে তিনি গাছ কেটেছিলেন। কিন্তু হাজী আবুল হোসেনের বক্তব্য ভিন্ন; তিনি জানিয়েছেন, তিনি ইউএনও অফিসে লিখিত আবেদন করেছিলেন, কিন্তু অনুমোদন পাননি।
পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছেন, গাছ কাটার জন্য কোনো অনুমোদন ছিল না এবং তদন্তের পর ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে ভূমি কর্মকর্তার তত্ত্বাবধানে রয়েছে।
