গৌরনদীতে প্রবাসী বিএনপি নেতার সংবাদ সম্মেলন: মামলার সুষ্ঠু তদন্তের দাবি

গৌরনদী থেকে নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা ও শ্রমিকদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. বিপ্লব হোসেন আজাদ তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক হিসেবে অভিহিত করেছেন। বুধবার সকালে বরিশালের গৌরনদী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

বিপ্লব হোসেন আজাদ জানান, তিনি দীর্ঘ ২৭ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন। প্রবাস জীবনের সঞ্চিত অর্থ দিয়ে তিনি নিজের এলাকায় বাবা-মায়ের নামে হালিমা মান্নান মেমোরিয়াল হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। হাসপাতালটি বর্তমানে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য চিকিৎসা সেবা প্রদান করছে। তিনি বলেন, হাসপাতাল থেকে পর্যাপ্ত আয় না থাকলেও প্রতি মাসে নিজের পক্ষে ভর্তুকি দিয়ে প্রতিষ্ঠানটি সচল রাখছেন। এছাড়াও প্রতিবছর দরিদ্রদের মাঝে নগদ অর্থ, পোশাক ও শীতবস্ত্র বিতরণসহ সামাজিক কার্যক্রম চালিয়ে আসছেন।

নিজেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদল থেকে রাজনীতি শুরু করে বর্তমানে বিএনপির সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে ‘ফ্যাসিবাদী সরকারের’ বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে আসছেন।

বিপ্লব হোসেন আজাদ জানান, আট বছর আগে তিনি শামছুল আলম মোল্লার ভাই ও বোনের কাছ থেকে তাদের পৈত্রিক সম্পত্তির অংশ ক্রয় করেন। এরপর থেকে শামছুল আলম মোল্লা ও তার সহযোগীরা তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করেছে। তিনি বলেন, গত ২ আগস্ট তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়, যদিও সে সময় তিনি বিমানবন্দরে ছিলেন। ১৫ আগস্ট সেনাবাহিনীর নিকট আরেকটি অভিযোগ দায়ের করা হয়, তখন তিনি ঢাকায় অবস্থান করছিলেন। সর্বশেষ ১৭ আগস্ট বরিশাল আদালতে ১০৭ ধারায় মামলা করা হয়, সেই সময়ও তিনি ঢাকায় ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি এসব মামলাকে সম্পূর্ণ মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন উল্লেখ করে সঠিক তদন্তের দাবি জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মানহানির ক্ষতিপূরণ হিসেবে তিনি শামছুল আলম মোল্লার গংদের নিকট ১০ কোটি টাকা দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *