শহীদ বুদ্ধিজীবী দিবসে বরিশালে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনায় ফুলের চাক ভাঙার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে শহীদ স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে। বরিশাল-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার মহানগর বিএনপির ব্যানারে দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আক্তার জাহান।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা স্থান ত্যাগ করছিলেন। একই সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন তার অনুসারীদের নিয়ে একই ব্যানারে শ্রদ্ধা জানাতে গেলে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।
ঘটনাস্থলে নাসরিনের ওপর চড়াও হন অপর পক্ষের কয়েকজন নেতাকর্মী। তাকে হেনস্তা করা হয়, সঙ্গে আনা ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং শ্রদ্ধা নিবেদনের জন্য আনা ফুলের চাকও ভাঙা হয়। পরে ভাঙা ফুলের চাক দিয়েই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আফরোজা খানম নাসরিন জানান, প্রতিপক্ষের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। তবে তিনি আইনি পদক্ষেপ না নিয়ে সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয় সমাধান করার কথা জানিয়েছেন।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আক্তার জাহান বলেন, কর্মীদের মধ্যে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা অনাকাঙ্ক্ষিত। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
