গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে আলোচনা সভা

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে অনুষ্ঠান পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামে বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তক অর্পণ করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানসহ বীর মুক্তিযোদ্ধারা।

পরবর্তীতে সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, এবং বীর মুক্তিযোদ্ধা শাহ আলোম ফকির

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতিকে মেধাশূন্য করার নীলনকশার অংশ হিসেবে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। শহীদ বুদ্ধিজীবীরা স্বাধীন বাংলাদেশের চিন্তা, চেতনা ও প্রগতির অগ্রদূত ছিলেন। তাঁদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়া যায় না।

বক্তারা আরও উল্লেখ করেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা জরুরি। তাঁদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই জাতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করতে পারে।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *