মাদরাসা ও কমপ্লেক্সের নামে চাঁদা আদায়ের অভিযোগ: অনুদান না দিতে প্রতিষ্ঠাতার আহ্বান

বরিশালের রুপাতলী মৌজায় অবস্থিত ‘হযরত মাওলানা মির্জা এনায়েতুর রহমান বেগ কমপ্লেক্স ও মাদরাসা’র নামে একটি মহলের বিরুদ্ধে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা মির্জা আবু জাফর বেগ। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রতিষ্ঠানটি তার ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হয় এবং এর জন্য কাউকে কোনো প্রকার দান বা অনুদান না দিতে তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রতিষ্ঠাতা মাওলানা মির্জা আবু জাফর বেগ অভিযোগ করেন, ২০০১ সালে তিনি নিজের জমিতে মসজিদ ও মাদরাসার কার্যক্রম শুরু করেন এবং ২০০৫ সালে কমপ্লেক্সের নামে জমি ক্রয় করেন। শুরু থেকেই তিনি এককভাবে এর যাবতীয় ব্যয়ভার বহন করে আসছেন। কিন্তু সম্প্রতি একটি বিশেষ মহল ও স্থানীয় কিছু ব্যক্তি কমপ্লেক্সের নাম ভাঙিয়ে সমাজের বিত্তবানদের কাছ থেকে চাঁদা আদায় করছে বলে তিনি জানতে পেরেছেন।

তিনি আরও বলেন, “মাদরাসা ভবন নির্মাণের সকল ব্যয় আমি নিজেই বহন করব। আমি কাউকে এই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে নিয়োগ দিইনি। আমার অনুমতি ছাড়াই ‘যুব হিযবুল্লাহ’র নামে কমপ্লেক্সের ঠিকানা ব্যবহার করে সাইনবোর্ড লাগানো হয়েছে এবং অপপ্রচার চালানো হচ্ছে।” তিনি এলাকাবাসীকে আর্থিক লেনদেন না করে শুধুমাত্র পরামর্শ ও দোয়া দিয়ে সহযোগিতার অনুরোধ জানান।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে মাওলানা মির্জা নুরুর রহমান বেগ জানান, জমি তার চাচা ক্রয় করলেও পৃষ্ঠপোষক নিয়োগের বিষয়টি মাদরাসা বোর্ড কর্তৃক গৃহীত হয়েছে। পারিবারিক কোনো বিরোধ নেই দাবি করে তিনি বলেন, সকলের স্বেচ্ছায় দেওয়া সাহায্য ও সহযোগিতা নিয়েই কমপ্লেক্সের কার্যক্রম পরিচালিত হয়। চাচার সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের সুযোগ ছিল বলেও তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *