বরিশালের আগৈলঝাড়া উপজেলায় স্কুল পর্যায়ে যৌন হয়রানি, বুলিং ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিখা প্রকল্পের উদ্যোগে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটায় আগৈলঝাড়া উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এই সভা আয়োজন করা হয়।
কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্যরা। সভায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ ম্রিস্ত্রি। সভায় শিখা প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরা হয়। প্রকল্পটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে নারী ও মেয়ে শিশুদের প্রতি যৌন হয়রানি, বুলিং এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। গবেষণালব্ধ তথ্যের আলোকে যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধে করণীয় নির্ধারণ করে তা বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, সাংবাদিক এবং ব্র্যাকের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। কর্মপরিকল্পনা প্রণয়নে ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক বিভাষ চন্দ্র তরফদার, শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোহাম্মদ তৌহিদুর রহমান, প্রকল্প কর্মকর্তা কিশোর মিস্ত্রি, মায়িশা খান ও অনিক বিশ্বাসসহ স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
উল্লেখ্য, শিখা প্রকল্পের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, কর্মক্ষেত্র ও স্থানীয় কমিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি, সহায়তা ব্যবস্থা জোরদার এবং প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় এই প্রকল্পের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
