বরিশালের গৌরনদীতে বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র, অপপ্রচার এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটুক্তি, অশ্লীল স্লোগান ও বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানানো হয়।
বুধবার দুপুরে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গৌরনদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলের শুরুতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত আকন কুদ্দুসুর রহমান।
পরে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা এস এম আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহুরুল ইসলাম জহির, এস এম মনিরুজ্জামান, মঞ্জুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, হোসনেয়ারা বেবি, আবুল হোসেন লাল্টু ও মাসুদ হাসান মিটু।
এ ছাড়া বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাহফুজ, আগৈলঝাড়া উপজেলা যুবদল নেতা মোহাম্মদ হেমায়েত, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপিকে দমিয়ে রাখা ও গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে অপপ্রচার ও কটুক্তি চালানো হচ্ছে। দেশনায়ক তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দিয়ে জনগণের মনোযোগ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
