শিখা প্রকল্পর আগৈলঝাড়া উপজেলা অরিয়েন্টেশন সভা

ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় পরিচালিত ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের কার্যক্রম নিয়ে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় একটি অবহিতকরণ বা অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। জেন্ডার ভিত্তিক সহিংসতা, যৌন হয়রানি এবং বুলিং প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারিহা তানজিন। বিশেষ অতিথি হিসেবে আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা ও যুব উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নেন।

‘শিখা’ প্রকল্পটি মূলত শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহন এবং অনলাইন প্লাটফর্মে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত চার বছর মেয়াদী এই প্রকল্পটি বরিশালসহ দেশের মোট ছয়টি গুরুত্বপূর্ণ জেলায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় ২৭০টি মাধ্যমিক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, পোশাক কারখানা এবং কমিউনিটি পর্যায়ে প্রতিরোধ ও প্রতিকার ব্যবস্থা জোরদার করা হবে।

সভায় উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও বাল্যবিবাহ রোধে করনীয় এবং রিপোর্টিং ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেন। ব্র্যাকের প্রতিনিধিরা জানান, শিক্ষার্থীদের যাতায়াতের পথে ঝুঁকি চিহ্নিত করে ম্যাপ তৈরি করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কার্যক্রমকে আরও সক্রিয় করাই তাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে ব্র্যাকের জেলা সমন্বয়কারী বিভাষ চন্দ্র তরফদার, টেকনিক্যাল ম্যানেজার মো. তৌহিদুর রহমানসহ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, স্থানীয় সরকার, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের সম্মিলিত প্রচেষ্টায় একটি সহিংসতামুক্ত ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *