গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক হিসেবে খোন্দকার মনিরের দায়িত্ব গ্রহন

বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের ঐক্যবদ্ধ যাত্রাকে আরও বেগবান করতে নতুন আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দৈনিক সমকালের প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক খোন্দকার মনিরুজ্জামান মনির। রোববার সকালে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়ার কাছ থেকে তিনি এই পদের দায়িত্বভার বুঝে নেন।

রোববার সকাল ১০টায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আহ্বায়ক প্যানেলের সদস্য এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। বিদায়ী আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া আনুষ্ঠানিকভাবে খোন্দকার মনিরুজ্জামান মনিরের হাতে দায়িত্ব হস্তান্তর করেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গৌরনদীর সাংবাদিকরা বিভিন্ন ধারায় বিভক্ত ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাবে সাংবাদিকদের মধ্যে অনৈক্য তৈরি করে পাঁচটি পৃথক সংগঠন সৃষ্টি করা হয়েছিল, যা সাংবাদিকতার পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ণ করে।

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ফেব্রুয়ারি মাসে গৌরনদীর সকল খণ্ডিত সাংবাদিক সংগঠন বিলুপ্ত করে সেগুলোকে মূল গৌরনদী প্রেসক্লাবের সাথে একীভূত করা হয়। সে সময় জ্যেষ্ঠ সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির এবং জহুরুল ইসলাম জহিরকে নিয়ে একটি তিন সদস্যের আহ্বায়ক প্যানেল গঠন করা হয়। এই প্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী, পর্যায়ক্রমে তিনজনই তিন মাস করে আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।

আহ্বায়ক প্যানেলের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রেসক্লাবের গঠনতন্ত্রকে আধুনিক ও সময়োপযোগী করা এবং একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ক্লাবটিকে সুস্থ ও গতিশীল ধারায় ফিরিয়ে আনা। এরই ধারাবাহিকতায় মো. গিয়াস উদ্দিন মিয়ার প্রথম তিন মাসের মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী মেয়াদের জন্য খোন্দকার মনিরুজ্জামান মনির দায়িত্বভার গ্রহণ করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *