পিরোজপুরে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নৌপথে আসা রোগীদের যাতায়াতের একমাত্র কার্যকর ঘাটের মুখ বন্ধ করে একটি পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে। এর ফলে ঝালকাঠি, কাউখালী, বানারীপাড়া ও নাজিরপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আসা রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, ঘাটের মাত্র ২০ ফুট দূরে একটি টয়লেট থাকা সত্ত্বেও সম্পূর্ণ অপরিকল্পিতভাবে এডিপি প্রকল্পের আওতায় প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নতুন এই টয়লেটটি নির্মাণ করা হয়েছে।

বাজারের ব্যবসায়ীরা জানান, ২০২৩-২৪ অর্থবছরে এলডিপি প্রকল্পের আওতায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের ‘ভেজা মার্কেট’ ভবন নির্মাণ কাজের অংশ হিসেবে এই টয়লেটটি বানানো হয়। ঘাটের কোনো বিকল্প ব্যবস্থা না রেখেই জগন্নাথকাঠি বাজার কমিটির বর্তমান নেতাদের তত্ত্বাবধানে এই নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই ঘাটটি ব্যবহার করে হাসপাতালে যাতায়াত করতেন, কিন্তু এখন পথটি বন্ধ হয়ে যাওয়ায় অসুস্থ রোগীদের নিয়ে হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন এবং বাজার কমিটির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ এই পদক্ষেপকে ‘নির্বুদ্ধিতা’ হিসেবে উল্লেখ করেছেন। তারা অবিলম্বে গুরুত্বপূর্ণ এই স্থানে একটি কার্যকর ঘাট পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে জগন্নাথকাঠি বাজার কমিটির আহ্বায়ক কাজী আনিছুজ্জামান জানিয়েছেন যে, বর্তমান ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই টয়লেটটি করা হয়েছে। তবে ঘাট নির্মাণের প্রয়োজনীয়তার কথা স্বীকার করে তিনি ভবিষ্যতে বরাদ্দ এনে তা করে দেওয়ার আশ্বাস দিলেও নির্দিষ্ট কোনো সময়ের কথা জানাতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *