গৌরনদীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন: র‌্যালী, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

গৌরনদী থেকে নিজস্ব প্রতিবেদক: জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালী, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাশাপাশি সেরা মৎস্যচাষীদের পুরস্কারও বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে দেশি প্রজাতির মাছের পোনা অবমুক্তের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। “অভয় আশ্রম গড়ে তুলি—দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনী দিনে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

র‌্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ।

আলোচনা সভায় বক্তারা দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে অভয়াশ্রম গঠন ও প্রাকৃতিক জলাশয় সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তারা দেশীয় মাছের বিলুপ্তি রোধে জনগণের সচেতনতা বৃদ্ধি, মৎস্য আইন বাস্তবায়ন ও আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণের ওপর জোর দেন।

সভা শেষে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গৌরনদী উপজেলার বেশ কয়েকজন সফল মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি ইউএনও রিফাত আরা মৌরি বলেন, “মৎস্য সম্পদ আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ খাত। অভয়াশ্রম গঠন, পোনা অবমুক্তকরণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশীয় মাছ সংরক্ষণে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এ ধরনের আয়োজন মৎস্যচাষিদের উৎসাহিত করতে বড় ভূমিকা রাখবে।”

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ সারা দেশে একযোগে পালিত হচ্ছে এবং ২৪ আগস্ট পর্যন্ত চলবে। গৌরনদীর এই কর্মসূচি এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *