বরিশালের গৌরনদীতে স্থানীয় জননিরাপত্তা ও আসন্ন ঈদ উদ্যাপনকে কেন্দ্র করে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান প্রধান বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া। সভায় আরও বক্তব্য রাখেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, হাইওয়ে পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এবং উপজেলা আইসিটি কর্মকর্তা।
সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর যেন উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় এবং সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে যাতায়াত করতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, বিআরডিবি চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
