গৌরনদীতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলার সালতা গ্রামে চোর সন্দেহে সাগর মোল্লা (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সাগর উপজেলার ডুমুরিয়া এলাকার সিরাজ মোল্লার ছেলে। গৌরনদী মডেল থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে।

নিহতের বাবা সিরাজ মোল্লা জানান, তারা জীবিকার প্রয়োজনে মাদারীপুরে বসবাস করেন। গত ১৪ এপ্রিল রাতে সাগর ডুমুরিয়া গ্রামে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে খাঞ্জাপুর ইউনিয়নের সালতা গ্রামে পৌঁছালে আসিফ খান ও আল আমিন মোল্লাসহ প্রায় ২০ জন তাকে আটক করে চোর সন্দেহে বেধড়ক মারধর করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। সিরাজ মোল্লা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল রাত ১টার দিকে সালতা গ্রামের মজিবর খানের বাড়িতে প্রবেশ করলে বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সাগরকে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া জানান, মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে দেওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *