বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ও তার স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দেবর ও জা-কে আসামি করে রবিবার গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি ছোট ভাইয়ের স্ত্রী সুমী আক্তার ওরফে সুরমা বেগমকে (৪২) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
মামলার বিবরণ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সিংগা গ্রামের মৃত সোহরাব হোসেনের বড় ছেলে দেলোয়ার হোসেন ফকিরের (৫৫) সাথে ছোট ভাই জাহাঙ্গীর হোসেন ফকিরের (৫০) দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার বিকেলে জাহাঙ্গীরের একটি গরু দেলোয়ারের বাড়িতে ঢুকে ফলজ গাছের চারা নষ্ট করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। নিহতের ছেলে ফয়সাল ফকির অভিযোগ করেন, ঝগড়ার একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে চাচা জাহাঙ্গীর ও চাচি সুমী লাঠিসোঁটা নিয়ে তার বাবার ওপর হামলা চালান। তারা দেলোয়ারের গলা টিপে ধরেন এবং মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মারা যান।
অভিযোগের বিষয়ে ছোট ভাই জাহাঙ্গীর হোসেন দাবি করেন, তার বড় ভাই আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং বাগবিতণ্ডার সময় স্ট্রোক করে মারা গেছেন। তবে পুলিশ নিহতের লাশের সুরতহাল রিপোর্টে গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে। গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
