গৌরনদীতে কবি ও কথাসাহিত্যিক হারিস মিজানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা ও সাহিত্য আড্ডা

বরিশালের গৌরনদীতে ‘চন্দ্রদীপ সাহিত্য সমাজ’ এবং ‘বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজ’-এর যৌথ উদ্যোগে বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক ড. হারিস মিজানের সাহিত্যকর্ম নিয়ে এক আলোচনা সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে গৌরনদী বিএমএসএফ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চন্দ্রদীপ সাহিত্য সমাজের সভাপতি, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমৃতলাল দে কলেজের সাবেক অধ্যক্ষ ও বরেণ্য কবি-সাহিত্যিক তপংকর চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মহাদেব বসু, হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনোতোষ দাস, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি খোকন আহম্মেদ হীরা এবং কবি ভীষ্মদেব।

ড. হারিস মিজানের সাহিত্যকর্মের ওপর আলোকপাত করে আলোচনায় অংশ নেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মাসুদ করিম, শেখ হাসিনা উইমেন্স কলেজের প্রভাষক দীনেশ জয়ধর এবং চন্দ্রদীপ সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি শিকদার রেজাউল করিম। অনুষ্ঠানে লেখক হারিস মিজান তার লেখা বইয়ের প্রেক্ষাপট ও বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার সহধর্মিণী মুক্তা মিজান অনুভূতি ব্যক্ত করেন।

আলোচনা পর্ব শেষে আয়োজিত সাহিত্য আড্ডায় কবিতা আবৃত্তি ও পাঠে অংশ নেন কবি ফাতেমা জান্নাত চাঁদনী, ঝর্না দাস লাবনী, চায়না দেবনাথ, শেখ খলিলুর রহমান, আব্দুর রহিম, কবি রুবেল এবং কবি শাহ আলমসহ আরও অনেকে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চন্দ্রদীপ সাহিত্য সমাজের সহ-সভাপতি মনীষ চন্দ্র বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *