গৌরনদীতে নুরাণী ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্য উদযাপন ও সংবর্ধনা

বরিশালের গৌরনদী উপজেলার তাঁরাকুপি-কটকস্থল নুরাণী ও হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমকে স্বীকৃতি দিতে এক আনন্দঘন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার রাতে মাদ্রাসার নিজস্ব হলরুমে এই আয়োজনের মাধ্যমে শতাধিক হেফজ শিক্ষার্থীকে নতুন ছবক প্রদান এবং ২০২৩ শিক্ষাবর্ষের তৃতীয় জামাতের উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

মাদ্রসা পরিচালনা কমিটির সভাপতি জুয়েল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ও অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। বক্তারা এই দ্বীনি প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের আগামী দিনের পথচলায় উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বজলুর রশিদ, জ্যেষ্ঠ সাংবাদিক ও মাই টিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া এবং মাদ্রাসার সাধারণ সম্পাদক শরিফুর রহমান। এ সময় সমাজসেবক মাসুদ মাঝি, কাতার প্রবাসী রিয়াদ হোসেন, যুবলীগ নেতা কামাল পারভেজ ও কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম সংগ্রাম উপস্থিত থেকে শিক্ষার্থীদের অভিনন্দন জানান। শিক্ষা কার্যক্রমের মান নিয়ে কথা বলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হামিম হাসান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

সভার শেষ পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে মেধার স্বীকৃতিস্বরূপ সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। নতুন ছবক পাওয়া খুদে হাফেজদের চোখে-মুখে এ সময় নতুন উদ্যমে পবিত্র কুরআন হিফজ করার প্রবল আগ্রহ লক্ষ্য করা যায়। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *