বরিশালের গৌরনদী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির নির্দেশনায় ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাজিব হোসেনের উদ্যোগে জনস্বার্থবিরোধী একটি বাঁধ অপসারণ করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে পানিবন্দি অবস্থায় থাকা শতাধিক পরিবার জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে। এ উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং উপজেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা করা হচ্ছে।
ঘটনাটি গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের নরসিংহলপট্টি গ্রামে ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের একটি খালে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মজিবর রহমান বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেওয়ায় আশপাশের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও তিনি বাঁধ অপসারণে রাজি হননি। পরবর্তীতে কয়েকদিনের টানা বর্ষণে জলাবদ্ধতা আরও ভয়াবহ আকার ধারণ করলে বিষয়টি লিখিতভাবে উপজেলা প্রশাসনকে জানানো হয়।
অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাজিব হোসেন থানা পুলিশের সদস্যদের সঙ্গে নিয়ে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে খালের বাঁধ কেটে দেওয়া হয়। এতে দ্রুত পানি নিষ্কাশন শুরু হলে গ্রামের শতাধিক পরিবার জলাবদ্ধতা থেকে মুক্তি পায়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাজিব হোসেন জানান, স্থানীয়দের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। জনস্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় তাৎক্ষণিকভাবে বাঁধ অপসারণ করা হয়। তিনি আরও বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, সময়মতো প্রশাসনের এই উদ্যোগ না এলে তাদের দুর্ভোগ আরও বাড়ত। তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
