বরিশালের গৌরনদীতে বজ্রপাতের ঝুঁকি কমানো এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে তালচারা, আমচারা, সবজি বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। দুই হাজার চব্বিশ–দুই হাজার পঁচিশ অর্থবছরের খরিপ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ উপলক্ষে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে আয়োজিত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সেকেন্দার শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার এবং গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির।
এ ছাড়া সহকারী ও উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এক হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ, একশ কৃষকের মাঝে সবজি বীজ এবং পাঁচশ কৃষক ও সুবিধাভোগীর মাঝে আম ও তালচারা বিতরণ করা হয়।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, বর্ষা মৌসুমে বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বিপ্লব ঘটিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর পাশাপাশি বজ্রপাত প্রতিরোধে বেশি করে তালগাছ রোপণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও কৃষকের নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎসাহিত করা হলে কৃষি উৎপাদনের পাশাপাশি পরিবেশ সুরক্ষাও নিশ্চিত হবে।
