বরিশালের আগৈলঝাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শতবর্ষী ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রতিষ্ঠাতা ক্ষণজন্মা পুরুষ ভেগাই হালদারের একশ বাহাত্তরতম জন্মবার্ষিকী ও বিরানব্বইতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে ভেগাই হালদারের সমাধি মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। পরে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদানকারী ও দেশরক্ষায় আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মরণে নীরবতা পালন, র্যালি ও স্মরণ সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রি। সভায় ভেগাই হালদারের কর্মময় জীবন ও শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের ওপর আলোচনা করা হয়। আলোচনায় বক্তব্য রাখেন জল্লা ইউনিয়ন আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর বিনয় ভুষণ রায়, বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের সাবেক অধ্যক্ষ রণজিত বাড়ৈ খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, শিক্ষক আবুল কালাম আজাদ, বিলকিস আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, ভেগাই হালদার ছিলেন একজন দূরদর্শী সমাজসংস্কারক ও শিক্ষানুরাগী ব্যক্তি। তিনি শিক্ষা বিস্তারের মাধ্যমে সমাজকে আলোকিত করার যে স্বপ্ন দেখেছিলেন, তার বাস্তব রূপ আজও ভেগাই হালদার পাবলিক একাডেমি বহন করে চলেছে।
উল্লেখ্য, ক্ষণজন্মা পুরুষ ভেগাই হালদার বাংলা এক হাজার দুই শত ষাট সালের একুশে আষাঢ় জন্মগ্রহণ করেন এবং বাংলা এক হাজার তিন শত চল্লিশ সালের একুশে আষাঢ় তারিখে আশি বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি উনিশ শত উনিশ সালের ছাব্বিশে জানুয়ারি নিজ নামে ভেগাই হালদার পাবলিক একাডেমি প্রতিষ্ঠা করেন, যা আজও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
