স্কুল পর্যায় যৌন হয়রানী প্রতিরোধে গৌরনদীতে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত ও স্কুল পর্যায়ে যৌন হয়রানি প্রতিরোধের লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলায় একটি কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন। এ ছাড়াও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্য এবং শিক্ষার্থীরা সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পালরদী মডেল স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রায়। সভায় জানানো হয়, ব্র্যাক শিখা প্রকল্পের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে নারী ও মেয়ে শিশুদের প্রতি যৌন হয়রানি, বুলিং এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক পরিসরে নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তোলা।

চার বছর মেয়াদি এই উদ্যোগ নির্ধারিত সময়কালে মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে। বরিশালসহ দেশের একাধিক জেলায় শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, পোশাক কারখানা এবং স্থানীয় কমিউনিটিতে সচেতনতামূলক কার্যক্রম, প্রতিরোধ ব্যবস্থা এবং সহায়তামূলক উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষভাবে নারী ও মেয়ে শিশুদের বিরুদ্ধে সহিংসতা রোধে গুরুত্ব দেওয়া হবে।

সভায় অংশগ্রহণকারীরা শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে যৌন হয়রানি ও বুলিং কমানোর বাস্তবসম্মত উপায় নিয়ে আলোচনা করেন। গবেষণাভিত্তিক তথ্যের আলোকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্ত করে করণীয় নির্ধারণ করা হয়।

এ সময় ব্র্যাকের জেলা ও প্রকল্প পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা থেকে মুক্ত রাখা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *