নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদিকে হত্যা করা হয়েছে: রহমাতুল্লাহ

বরিশাল প্রতিনিধি: ঢাকা-৮ আসনের প্রার্থী ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যাকাণ্ডকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচরে প্রয়াত বিএনপি নেতা মো. ফরিদ হোসেন রাড়ীর স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, কিছু মহল দীর্ঘদিন ধরে নানা অজুহাতে জাতিকে বিভ্রান্ত করছে এবং দেশে সুষ্ঠু নির্বাচন না হোক তা চায়। সেই লক্ষ্য পূরণে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে। শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ড সেই গভীর ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, হাদির হত্যার পর যখন দেশজুড়ে প্রতিবাদ ও নিন্দা হচ্ছে, তখন কিছু চক্র সেই ন্যায্য দাবিকে অন্য খাতে প্রবাহিত করে রাজনৈতিক সুবিধা নেবার চেষ্টা করছে। এছাড়া হত্যার খবর প্রচারের সময় বিভিন্ন স্থানে গণমাধ্যম অফিসে হামলা, সাংবাদিক ও কর্মীদের অবরুদ্ধ করা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে।

রহমাতুল্লাহ শরীফ ওসমান হাদিকে দেশপ্রেমিক জুলাই যোদ্ধা হিসেবে বর্ণনা করেন এবং দাবি করেন, তাকে হত্যা করা হয়েছে দেশের উত্তপ্ত পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে। তিনি সরকারকে দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. সালাম রাড়ী, শাকিল মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *