বরিশালের আগৈলঝাড়া উপজেলার জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছে দুই ভাই-বোন প্রতীক হালদার ও প্রবন্তী হালদার। জাতীয় শিক্ষা পদক ২০২৪-এ তাদের এই যুগপৎ সাফল্য পুরো উপজেলায় আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে। গত মঙ্গলবার ঢাকার মিরপুরে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই সম্মাননা পদক তুলে দেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী প্রবন্তী হালদার জাতীয় পর্যায়ে কাব স্কাউট (বালিকা) ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। এর আগে ২০২৩ সালে একই বিদ্যালয়ের ছাত্র ও প্রবন্তীর বড় ভাই প্রতীক হালদার কাব স্কাউট (বালক) ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছিল। একই পরিবার থেকে দুই ভাই-বোনের এমন ধারাবাহিক সাফল্য স্থানীয় শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করেছে।
কৃতী এই দুই শিক্ষার্থীর বাবা দীনবন্ধু হালদার ছয়গ্রাম স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র প্রভাষক এবং মা কল্যাণী বিশ্বাস আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সন্তানদের এই সাফল্যে আবেগপ্লুত মা কল্যাণী বিশ্বাস জানান, তাদের ইচ্ছা ছেলে প্রতীক ভবিষ্যতে বুয়েটে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হবে এবং মেয়ে প্রবন্তী চিকিৎসক হয়ে অসহায় মানুষের সেবা করবে। সন্তানদের মেধা বিকাশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান এবং সহকারী শিক্ষিকা আফরোজা আক্তারের বিশেষ অবদানের কথা উল্লেখ করে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপজেলা শিক্ষা অফিসার চন্দ্র শেখর ভক্ত। তিনি বলেন, এই সাফল্য কেবল তাদের পরিবারের নয়, বরং পুরো আগৈলঝাড়াবাসীর জন্য গৌরবের। এটি অন্যান্য শিক্ষার্থীদের জন্যও বড় ধরনের অনুপ্রেরণা হয়ে থাকবে। বিদ্যালয়ের স্কাউট লিডার মোস্তাফিজুর রহমান জানান, প্রতীক ও প্রবন্তী অত্যন্ত মেধাবী এবং লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও সাংগঠনিক কাজেও তারা সমান পারদর্শী।
