গৌরনদীতে ফের কৃষকের পান বরজে দুর্বৃত্তদের হানা: দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

বরিশালের গৌরনদী উপজেলায় পান চাষীদের ওপর দুর্বৃত্তদের শত্রুতা যেন থামছেই না। উপজেলার উত্তর চাঁদশী গ্রামে এক কৃষকের তিল তিল করে গড়ে তোলা পান বরজের সমস্ত লতা কেটে দিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। রাতের আঁধারে চালানো এই তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক মানিক ভদ্র। এই ঘটনায় শুক্রবার গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক মানিক ভদ্র জানান, চাঁদশী বাজারের উত্তর পাশে ১৫ শতক জমি লিজ নিয়ে তিনি ৮৯ খানা পানের বরজ তৈরি করেছিলেন। এটিই ছিল তার পরিবারের আয়ের একমাত্র উৎস। বৃহস্পতিবার দিবাগত রাতে কোনো এক সময়ে দুর্বৃত্তরা বরজে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে পানের লতাগুলো কেটে রেখে যায়। শুক্রবার সকালে বরজে গিয়ে এই করুণ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। মানিকের দাবি, এই পৈশাচিক কর্মকাণ্ডে তার কমপক্ষে দুই লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

এলাকাবাসী জানান, চাঁদশী এলাকায় পান বরজে লতা কাটার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ৪ জুন একই এলাকার ৩০ শতক জমির ১১০ খানা পান বরজের লতা কেটে দিয়েছিল দুর্বৃত্তরা। একের পর এক এমন ঘটনায় সাধারণ কৃষকদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের ধারণা, কোনো একটি চক্র পরিকল্পিতভাবে এই অঞ্চলের কৃষি অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। কৃষকের এই বিশাল ক্ষয়ক্ষতির সাথে যারা জড়িত, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। কৃষিপ্রধান এই অঞ্চলে এমন অপরাধ রোধে পুলিশি নজরদারি বাড়ানোরও আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *